
কক্সবাজার শহর ও আশপাশের এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে ধর্তব্য অপরাধে এবং চারজনকে বিভিন্ন মামলার আদালতের পরোয়ানায় গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাঁচজনকে ধর্তব্য অপরাধে এবং চারজনকে আদালতের পরোয়ানামূলে গ্রেপ্তার করা হয়।
ধর্তব্য অপরাধে গ্রেপ্তার পাঁচজন হলেন মো. হারুন (২৫), রহমত আলী (১৯), মো. মেহেদী হাসান (১৯), রুবেল প্রকাশ রিফাত (২৪) ও ইয়াছিন আরাফাত (২৩)। তাদের মধ্যে হারুন পশ্চিম কুতুবদিয়াপাড়া, রহমত আলী নাজিরারটেকের ভাসাইন্যাপাড়া, মেহেদী হাসান কুতুবদিয়াপাড়া, রুবেল প্রকাশ রিফাত ঝিলংজা ইউনিয়নের পশ্চিম লাহারপাড়া এবং ইয়াছিন আরাফাত বিসিক লিংকরোড এলাকার বাসিন্দা।
অন্যদিকে, আদালতের পরোয়ানায় গ্রেপ্তার চারজন হলেন নুরুল হায়াত রাকিব, মো. আবুল কালাম সবুজ, মোহাম্মদ রফিক ওরফে আরিফুল ইসলাম এবং মো. রেজাউল করিম। তাদের মধ্যে নুরুল হায়াত রাকিব পেশকারপাড়া, আবুল কালাম সবুজ পূর্ব কলাতলী, মোহাম্মদ রফিক ওরফে আরিফুল ইসলাম মহেশখালীর কালারমারছড়া এলাকার বাসিন্দা হলেও বর্তমানে সমিতিপাড়ায় থাকেন। রেজাউল করিম বড়বাজার এলাকার বাসিন্দা।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাদিম আলী বলেন, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।